দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১ মার্চ – দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, গত ১৩ দিনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের মাধ্যমে এই উন্নতি দৃশ্যমান করা সম্ভব হয়েছে। বর্তমানে এই পরিস্থিতি আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসে। এর ফলে সাধারণ মানুষের মনে শান্তি ও নিরাপত্তা বোধ তৈরি হয়। এ কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত ১৩ দিনের দৃশ্যমান উন্নতির উদাহরণ দিতে গিয়ে তিনি নরসিংদীর একটি নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি জানান, ওই ঘটনার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সব অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে।
অপরাধ ঘটার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে কি না, সেটিই মানুষের মূল দেখার বিষয় বলে তিনি মন্তব্য করেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর আন্তরিকতা ও কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, যেকোনো অপরাধের তদন্তভার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
একই সঙ্গে অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সরকার বদ্ধপরিকর। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজ করবে এবং মন্ত্রণালয় নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এসএএস/ ১ মার্চ ২০২৬









