এশিয়া

অন্ধ্র প্রদেশে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮

ভারত, ১ মার্চ – ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের কাকিনাডা জেলায় একটি আতশবাজি কারখানায় সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে সূর্য শ্রী ফায়ারওয়ার্কস নামক কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভেটলাপালেম গ্রামের একটি খালের পাশে অবস্থিত ওই কারখানায় দুপুর ২টার দিকে বিস্ফোরণটি হয় এবং এর শব্দ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে।

বিস্ফোরণের তীব্র কম্পনে পার্শ্ববর্তী একটি স্কুল ভবনেও ফাটল দেখা দিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশ সদস্যই নারী শ্রমিক এবং গুরুতর আহত অবস্থায় অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনেক মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী কারখানায় অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত আতশবাজি তৈরি করা হচ্ছিল যা এই দুর্ঘটনার কারণ হতে পারে।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘটনার খোঁজ নিয়েছেন এবং দ্রুত উদ্ধারকাজের নির্দেশ প্রদান করেছেন। জেলা প্রশাসন ও পুলিশ বর্তমানে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

এম ম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language