জাতীয়

পাবনা ও গাইবান্ধায় ধর্ষণ এবং হত্যার তীব্র নিন্দা জামায়াতের

পাবনা, ১ মার্চ – পাবনার ঈশ্বরদী এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘটিত সাম্প্রতিক ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নির্মমভাবে হত্যা এবং নাতনিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার মর্মান্তিক ঘটনা মানবিক মূল্যবোধকে চরমভাবে ভূলুণ্ঠিত করেছে। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত ও পা বেঁধে হত্যার ঘটনা গোটা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। দেশে নারী ও শিশুদের ওপর এমন ধারাবাহিক সহিংসতা প্রমাণ করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের এই নেতা বলেন, অপরাধের দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং বারবার এমন নৃশংসতা ঘটাচ্ছে। অবিলম্বে এসব ঘটনায় জড়িত ধর্ষক ও হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএএস/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language