ঠাকুরগাঁও হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও, ১ মার্চ – ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ যাতে উন্নত স্বাস্থ্যসেবা পায় সে বিষয়ে সরকার সবসময় সজাগ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন হাসপাতালটিকে বর্তমান ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার জোরালো চেষ্টা করা হবে। রবিবার সকাল ৮টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এবং দায়িত্বশীলদের সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কেও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মির্জা ফখরুল বলেন যে হাসপাতাল আগের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এবং একে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন যে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ও স্থান নির্ধারণ চূড়ান্ত হয়েছে যা চালু হলে এই হাসপাতালের সেবার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়া পরিদর্শনকালে তিনি হাসপাতাল থেকে দ্রুত তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ককে কড়া নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।
এস এম/ ১ মার্চ ২০২৬









