নাটোর

অর্থনৈতিক সংকট মোকাবিলায় লোকদেখানো খরচ বন্ধ করতে হবে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

নাটোর, ১ মার্চ – মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়গুলোতে মানুষকে দেখানোর জন্য এবং শোঅফের উদ্দেশ্যে অযথা অর্থের অপচয় করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় তারা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই বাস্তবতা সবাইকে মনে রাখতে হবে। রবিবার দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে। সকল অনিয়ম দূর করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় গড়ে তোলা হবে। মিলটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং একে একটি আধুনিক সুগার মিল হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী এখনো তাদের পেনশনের টাকা পাননি। বিষয়টি ঈদের আগে দেখার জন্য তাকে অনুরোধ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ঈদের আগে বা পরে যত দ্রুত সম্ভব পেনশনের টাকা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, বর্তমানে সুগার মিলের প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ১৫০০ মেট্রিক টন। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মিলটিকে নতুন করে সাজানো সম্ভব হলে উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। উৎপাদন ক্ষমতা বাড়লে প্রতিষ্ঠানটি স্বনির্ভর হতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এম ম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language