মধ্যপ্রাচ্য

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা: শীর্ষ দুই ইরানি কমান্ডার নিহত

তেহরান, ১ মার্চ – ইরানে হামলা চালানোর দীর্ঘ প্রস্তুতির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশেষে যৌথ অভিযান পরিচালনা করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে খামেনির ওপর নজরদারি চালানোর পর গোয়েন্দারা নিশ্চিত হন যে শনিবার সকালে তেহরানের একটি কমপ্লেক্সে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। এই তথ্যের ভিত্তিতে আগে রাতে হামলার পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে সকালের দিকে এগিয়ে আনা হয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমান ভোর ৬টায় ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং সকাল ৯টা ৪০ মিনিটে তেহরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ওই কমপ্লেক্সে ইরানের প্রেসিডেন্সি এবং সর্বোচ্চ নেতার কার্যালয়সহ জাতীয় নিরাপত্তা পরিষদের দপ্তর অবস্থিত।

হামলার সময় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একটি ভবনে বৈঠকে ছিলেন এবং খামেনি পাশেই অন্য একটি ভবনে অবস্থান করছিলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

ইসরায়েলের দাবি অনুযায়ী হামলায় আইআরজিসি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পর্যবেক্ষকদের মতে এই অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয়ের ফল এবং এটি ইরানের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হচ্ছে।

এম ম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language