মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

তেহরান, ১ মার্চ – ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই উদ্বেগের কথা জানানো হয়। জরুরি ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ সময় তাঁরা মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে যেন পরিস্থিতির উন্নতি হলে আটকে পড়া কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে।
দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং উদ্বেগ নিরসনে মধ্যপ্রাচ্যের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে তেহরানে বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীসহ সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে আলোচনা প্রক্রিয়ার ব্যর্থতা এবং সাম্প্রতিক বিরোধ তীব্রতর হওয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ মনে করে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি। সংঘাত কোনো স্থায়ী সমাধান আনতে পারে না বরং সংলাপ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব। তাই সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও উত্তেজনা পরিহার করে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এস এম/ ১ মার্চ ২০২৬









