চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে এক জামায়াত সমর্থক নিহত, আহত ৫

চুয়াডাঙ্গা, ১ মার্চ – চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক জামায়াত সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার সুটিয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের তথ্যমতে, পূর্বশত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদহ মডেল কামিল মাদরাসার সামনে জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হাফিজুর রহমানসহ দুই পক্ষের মোট ছয়জন গুরুতর আহত হন। হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোর এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংঘর্ষের এই ঘটনায় আহত অন্য ব্যক্তিরা হলেন খায়রুল ইসলাম, মেহেদী হাসান ও তার বাবা জসিম উদ্দীনসহ আরও দুজন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, সংঘর্ষের ঘটনার পর থেকে হাসাদহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এসএএস/ ১ মার্চ ২০২৬









