মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা জারি

তেহরান, ১ মার্চ – মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সৃষ্ট সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ মিশন। আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেট জেনারেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের যেকোনো ধরনের সামরিক স্থাপনা ও এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং জনসমাগম বা খোলা স্থানে অবস্থান এড়িয়ে চলতে বলা হয়েছে। প্রবাসীদের নিজ নিজ বাসস্থানে বা নিরাপদ আশ্রয়ে অবস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে প্রবাসীদের কাছে সব সময় নগদ অর্থ, এমিরেটস আইডি, মূল পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক এবং পর্যাপ্ত পানি ও শুকনো খাবার মজুত রাখতে বলা হয়েছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের কঠোর সাইবার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি, ভিডিও বা গুজব প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে, কারণ এটি স্থানীয় আইনের গুরুতর লঙ্ঘন। যেকোনো জরুরি প্রয়োজনে আবুধাবি দূতাবাস বা দুবাই কনস্যুলেট জেনারেলের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ১ মার্চ ২০২৬









