জাতীয়

বায়ুদূষণে ঢাকার অবস্থান বিশ্বে পঞ্চম, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকা, ১ মার্চ – বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রবিবার ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, রবিবার পহেলা মার্চ সকাল ১০টায় রাজধানীর বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৬। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।

একই সময়ে ২৪২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ এবং আফগানিস্তানের কাবুল। তাসখন্দের স্কোর ১৮৬ এবং কাবুলের স্কোর ১৭৬। তালিকার প্রথম দশে থাকা অন্য শহরগুলোর স্কোর ১৫৩ থেকে ১৭৬ এর মধ্যে ওঠানামা করছে।

উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে সেটিকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language