অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ, স্বাধীনতার গৌরবোজ্জ্বল মাস শুরু

ঢাকা, ১ মার্চ – আজ অগ্নিঝরা মার্চের প্রথম দিন। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মাসটি এক অবিস্মরণীয় সাক্ষী। ১৯৭১ সালের এই মাসেই তীব্র আন্দোলনের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। হাজার বছরের সামাজিক ও রাজনৈতিক স্বপ্নসাধ পূরণের পথে বাঙালি জাতি এই মাসেই সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়।
১৯৭১ সালের মার্চ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এবার জাতি মহান স্বাধীনতার ৫৫ বছর পালন করতে যাচ্ছে। এই উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই দেশজুড়ে সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। নানা কর্মসূচিতে মুখরিত থাকবে গোটা দেশ।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে অপারেশন সার্চলাইট নামে নৃশংস গণহত্যা শুরু করে। ঢাকার রাজপথে নেমে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র ও শিক্ষকদের হত্যা করা হয়।
১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানের বঞ্চনার শিকার হতে থাকে পূর্ব পাকিস্তানের বাঙালিরা। এরই প্রেক্ষাপটে বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল স্বাধিকার আন্দোলনের এক একটি মাইলফলক।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পর দেশ যে স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল তা এই মার্চ মাসেই স্পষ্ট হয়ে ওঠে।
এনএন/ ১ মার্চ ২০২৬









