কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশি আহত, দূতাবাসের সতর্কতা

কুয়েত শহর, ১ মার্চ – কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহত ওই প্রবাসীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রোন হামলায় আহত বাংলাদেশি কর্মীর চিকিৎসার বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
জানা গেছে, আহত ওই বাংলাদেশি নাগরিক কুয়েতের স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে বিমানবন্দর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা ও উত্তেজনা বিরাজ করায় উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দূতাবাস। নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা এবং যথাসম্ভব নিজ বাসায় বা নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এনএন/ ১ মার্চ ২০২৬







