জাতীয়

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়লেন ড. ইউনূস

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

জানা গেছে এই ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত করা হবে। তবে প্রধানমন্ত্রী সেখানে উঠবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।

ড. ইউনূসের প্রস্থান শেষে গণপূর্ত অধিদপ্তর যমুনার সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে চলতি মাসের মধ্যেই ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সংশ্লিষ্ট সব কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে তার কার্যালয় ও বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার গঠিত হয় এবং ড. ইউনূস যমুনা ছাড়ার প্রস্তুতি নেন। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে শনিবার তিনি ভবনটি খালি করে দেন।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language