জাতীয়

উপসাগরীয় যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – উপসাগরীয় অঞ্চলে সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হওয়ায় কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শনিবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।

নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। একইসঙ্গে বিপদ না কেটে যাওয়া পর্যন্ত সকলকে নিজ নিজ বাসস্থানে বা নিরাপদ স্থানে অবস্থান করতে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নগদ অর্থ, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন, চার্জার, শুকনো খাবার ও পানিসহ অত্যাবশ্যকীয় সামগ্রী সবসময় হাতের কাছে রাখতে বলা হয়েছে।

দূতাবাসের ওই বার্তায় কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

যে কোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১ এবং ই-মেইল mission.kuwait@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language