মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাবে সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় আরও অসংখ্য যাত্রীর সঙ্গে বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে মুশফিকুর রহিম নিজেই এই বিপত্তির কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমরাহ পালন শেষে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে তাঁর ঢাকায় ফেরার কথা ছিল। আজ সকালে জেদ্দা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ নিরাপদ না থাকায় সেটি পুনরায় জেদ্দায় ফিরে আসে।
বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন এই ক্রিকেট তারকা। তিনি লিখেছেন, ‘বর্তমানে আমিসহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব।’ এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত বা রুট পরিবর্তন করছে। এছাড়াও জর্ডান, ইরাক ও লেবাননের আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









