দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

কাবুল, ২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই এর পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

শনিবার আফগান সামরিক বাহিনী ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে আসেন এবং তখনই তাকে আটক করা হয়।

পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ জানিয়েছেন জালালাবাদ শহরে পাকিস্তানের ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদীও একই দাবি করে বলেন পাইলট বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক সাংবাদিক জানান তিনি জালালাবাদের আকাশে যুদ্ধবিমান ওড়ার শব্দ এবং পরবর্তীতে বিমানবন্দরের দিক থেকে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই বিমান বিধ্বস্ত হওয়ার ঘোষণা আসে।

তবে এই ঘটনার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য এর আগে শুক্রবার আফগানিস্তানের রাজধানী ও কান্দাহারে পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে সীমান্তে আফগান বাহিনীর অভিযানের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language