ইরানি হামলার পর বাহরাইন ও কুয়েতে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ ঘোষণা

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল নিক্ষেপের পরপরই বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে উপসাগরীয় দেশ কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর আগে নিরাপত্তা শঙ্কায় ইরান, ইরাক ও ইসরায়েলও নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মোক্ষম জবাব দিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে তেহরান।
ইরানের ছোড়া মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাহরাইন ছাড়াও কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো অঞ্চলটি এখন চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









