অভিযোগ পর্যালোচনার পর মোহন রায়হানকেই দেওয়া হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে বলে নিশ্চিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদানের নাম ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা শুরু হয়। এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান কার্যক্রম স্থগিত রেখে অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উদ্ভূত পরিস্থিতি নিরসনে ও উত্থাপিত অভিযোগ যাচাইয়ের জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত পর্যালোচনার পর এবং প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকেই পুরস্কার প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাকে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









