রংপুরে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক ও মালামাল উদ্ধার

রংপুর, ২৮ ফেব্রুয়ারি – রংপুর নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্য গোপনে মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নগরীর খেলবাড়ী এলাকায় এলএসডি গুদামের সামনে একটি পরিত্যক্ত স্থানে এই অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল হোসেন নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক রুবেল পাবনা জেলার বাসিন্দা এবং তিনি নিজেকে টিসিবির বৈধ ডিলার হিসেবে দাবি করেছেন। তবে পুলিশি তদন্তে দেখা গেছে পণ্য উত্তোলনের পর তা নির্ধারিত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে তিনি অবৈধভাবে মজুদ গড়ে তুলছিলেন।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭০ কেজি খেজুর এবং ১৫০ কেজি চিনি ও ১৫০ কেজি বুটসহ ৬১৩ কেজি মসুর ডাল এবং ১৬২ লিটার ভোজ্যতেল। ডিবি সূত্র জানিয়েছে আসন্ন রমজান মাসকে সামনে রেখে একটি অসাধু চক্র টিসিবির পণ্য গোপনে মজুদ করে বেশি দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন টিসিবির পণ্য সাধারণ মানুষের জন্য বরাদ্দ এবং কেউ তা গোপনে মজুদ করে অবৈধভাবে বিক্রির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে উদ্ধার করা পণ্যের উৎস এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না সে বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









