সারা দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রয়েছে শিল্পমন্ত্রী

বাংলাদেশ, ২৮ ফেব্রুয়ারি – সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি বর্তমানে আল্লাহর রহমতে স্থিতিশীল রয়েছে এবং পণ্যের সরবরাহও বেশ ভালো পর্যায়ে আছে।
দেশের প্রতিটি স্থানে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে কঠোর নজরদারি ও মূল্য তদারকি কার্যক্রম চলমান রয়েছে। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কর বৃদ্ধি সংক্রান্ত অর্থমন্ত্রীর একটি মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা অর্থমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে কর ও জিডিপির অনুপাত অনেক কম। এই অনুপাত কম হওয়ার কারণে রাজস্ব আয়ের বড় অংশ সরকারের পরিচালন ব্যয়েই শেষ হয়ে যায়, ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা সম্ভব হয় না।
তাই অর্থমন্ত্রী মূলত কর ও জিডিপির অনুপাত বাড়ানোর ওপর জোর দিয়েছেন, তিনি ব্যক্তিগত খাতে কর বাড়ানোর কথা বলেননি। আসন্ন ঈদে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে মন্ত্রী নিশ্চয়তা দিয়ে বলেন, শ্রমিকরা যাতে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ নিয়ে সংশ্লিষ্টদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বাজার সিন্ডিকেট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, খুচরা পর্যায়ে কিছু সিন্ডিকেট সক্রিয় থাকলেও সরকার সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে। রমজান মাস ও পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএ প্রসঙ্গে মন্ত্রী জানান, আলোচনা শুরুর জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, তবে এটি একটি দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক প্রক্রিয়া।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









