জাতীয়

বায়ুদূষণে বিশ্বের তৃতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – বিশ্বজুড়ে বিভিন্ন নগরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই তালিকা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের রাজধানী ঢাকাও। দীর্ঘদিন ধরেই দূষণের কবলে থাকা এই মেগাসিটি আন্তর্জাতিকভাবে দূষিত শহরের তালিকার শীর্ষ অবস্থানেই ঘোরাফেরা করছে। শনিবার ঢাকার বাতাস আবারও খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। শহরটির বাতাসের মান বা একিউআই স্কোর দাঁড়িয়েছে ২২২ এ, যা জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। তালিকায় ৩১৬ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর, যেখানে বাতাসের মান বর্তমানে বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এ অবস্থায় নাগরিকদের মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে ভারতের দিল্লি ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং সেখানকার বাতাসও খুব অস্বাস্থ্যকর। ভারতের আরেকটি শহর কোলকাতা ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। বায়ুদূষণের এই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো এবং ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে মাঝারি হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর। আর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তাকে ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language