পাবনা

ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ ও খুন

পাবনা, ২৮ ফেব্রুয়ারি – পাবনার ঈশ্বরদী উপজেলায় মধ্যরাতে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও পরবর্তীতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে পৃথক স্থান থেকে পুলিশ ওই দু’জনের মরদেহ উদ্ধার করে।

উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায় শুক্রবার দিবাগত মধ্যরাতে নৃশংস এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে প্রতিবেশীরা রাস্তায় বের হলেও পরে শব্দ থেমে যাওয়ায় তারা ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ এবং খোঁজাখুঁজির পর পাশের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় কিশোরী জামিলার মরদেহ পাওয়া যায়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় অবস্থান করছিলেন।

নিহতের স্বজন সোহেল রানা অভিযোগ করেন, দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে হানা দেয় এবং দাদি টের পাওয়ায় তাকে হত্যা করে। পরে নাতনিকে অপহরণ করে সরিষা ক্ষেতে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language