শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবন বহিষ্কার ঢাবি ছাত্রদল নেতা তানজিল

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল।
এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহরিয়ার তানজিলকে তার সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ওই ব্যক্তির সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









