জাতীয়

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার রোধে সতর্ক থাকার নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

দিনাজপুর, ২৮ ফেব্রুয়ারি – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ বা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার একটি চেষ্টা চলছে। এই অপপ্রচার প্রতিরোধে এবং বিভ্রান্তি কমাতে সংশ্লিষ্টদের কঠোরভাবে কাজ করতে হবে।

গতকাল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ ও বিরামপুরসহ চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে এবং কোনোভাবেই বিভ্রান্ত হতে দেওয়া যাবে না কারণ এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।

তিনি আরও জানান আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। কর্মসূচিটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন বর্তমান সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো অনিয়মে জড়াবেন না এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language