অনুগত নয়, শক্তিশালী বিরোধী দল হবো: শফিকুর রহমান

সিলেট, ২৮ ফেব্রুয়ারি – জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে নানা ত্রুটি থাকা সত্ত্বেও তারা ফলাফল মেনে নিয়েছেন। এর প্রধান কারণ হলো, ফলাফল প্রত্যাখ্যান করার পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে তারা বেরিয়ে আসতে চান।
শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে এই মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দেন যে তারা সরকারের অনুগত কোনো বিরোধী দল হবেন না। বরং তারা একটি দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবেন। সরকারের যেকোনো অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানাবেন এবং সর্বদা দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।
তিনি আরও বলেন, দেশটা সবার, তাই দেশের স্থিতিশীলতা রক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









