জাতীয়

নারী ও শিশুদের উন্নয়নে কাজ করবে সরকার: ডা. জুবাইদা রহমান

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন বা জেডআরএফ কার্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা জানান। সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং শ্রমজীবী মানুষদের সম্মানে এই ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন যে তাদের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা। তিনি বিশ্বাস করেন নারীরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে তখনই একটি সমাজ সত্যিকার অর্থে উন্নত হবে।

শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা ফাউন্ডেশনের অন্যতম প্রধান অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

শিশুরা আগামীতে বড় হয়ে যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের ভাসানটেক এবং কড়াইল বস্তিসহ সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আরও বলেন যে নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে। নারীর মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার অর্জন সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন যে দেশে ও বিদেশে কর্মসংস্থানে অগ্রাধিকার পেতে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শেখা ও কারিকুলামে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচনি ইশতেহারে বিএনপি জনগণের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো এখন পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে জানান যে প্রতি পনেরো দিন অন্তর কড়াইল বস্তি ও সাততলা বস্তিতে জীবাণুনাশক স্প্রে করা হবে। আয়োজনে ফাউন্ডেশনের পরিচালক ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language