জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, শনিবারের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দিনের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সৌজন্য সাক্ষাতের সময়ই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছিলেন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









