বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের জন্য মিন্টো রোডের ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক ২৯ নম্বর ভবনটি বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ব্রিটিশ আমলে নির্মিত লাল রঙের এই দোতলা ভবনটি ‘লাল বাড়ি’ নামেই সমধিক পরিচিত। প্রায় আড়াই একর জায়গার ওপর নির্মিত এই বাসভবনটি দীর্ঘ ২৫ বছর ধরে অব্যবহৃত থাকায় বেশ জরাজীর্ণ হয়ে পড়েছিল। বর্তমানে বিরোধীদলীয় নেতার বসবাসের উপযোগী করতে ভবনটির সংস্কার ও মেরামতের কাজ জোরেশোরে চলছে।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাড়িটির প্রায় নব্বই ভাগ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে রাস্তা ও রঙের ফিনিশিংয়ের কাজ চলছে। তবে এটি সম্পূর্ণ বসবাসের উপযোগী করতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।
১৯৯১ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই ভবনে অবস্থান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছিলেন। ২০০১ সালের পর থেকে দীর্ঘ আড়াই দশক এখানে কোনো বিরোধীদলীয় নেতা বসবাস করেননি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সংসদ সচিবালয় ও সরকারের নিয়ম অনুযায়ী বিরোধীদলীয় নেতার জন্য ২৯ মিন্টো রোডের বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ডা. শফিকুর রহমান কবে নাগাদ সেখানে উঠবেন বা আদৌ উঠবেন কি না, সে বিষয়ে দলীয় ফোরামে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদ অধিবেশন শুরুর পর নীতিনির্ধারণী ফোরামে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
মন্ত্রিপাড়ার এই বাসভবনটির আশপাশে মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন রয়েছে।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









