এশিয়া

যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

বেইজিং, ২৭ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে প্রস্তাবিত ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেওয়ার জন্য ওয়াশিংটনের আহ্বান প্রত্যাখ্যান করেছে চীন।

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানিয়েছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন যে চীনের পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের নয়। তাই বর্তমান পরিস্থিতিতে চীনকে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে বলা ন্যায়সঙ্গত বা বাস্তবসম্মত নয় বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একটি পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের প্রেক্ষিতেই মাও নিং বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন।

তিনি আরও উল্লেখ করেন যে বিপুল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ ও প্রধান দায়িত্ব হলো আন্তরিকভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া। এটি আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রত্যাশা।

এদিকে পেন্টাগন চীনের সামরিক তৎপরতা নজরদারি জোরদারে অতিরিক্ত প্রায় ১২ বিলিয়ন ডলার বাজেট চেয়েছে। পেন্টাগন কংগ্রেসে পাঠানো এক নথিতে চীনের সামরিক মহড়া এবং সাবমেরিন ও স্যাটেলাইট কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করেছে।

এ প্রসঙ্গে মাও নিং বলেন যুক্তরাষ্ট্র তথাকথিত চীন হুমকির অজুহাত ব্যবহার করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে। এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক নয় এবং এ অঞ্চলের দেশগুলোর স্বার্থের পরিপন্থী বলে তিনি সতর্ক করেছেন।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language