সাকিবের খেলা আটকানো অপরাধ হলে শাস্তি মেনে নেব: আসিফ মাহমুদ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়েরের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাকিবের খেলা আটকাতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে তার জন্য যেকোনো শাস্তি মেনে নিতে তিনি প্রস্তুত।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে দলীয় এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দুদকে অভিযোগ করার প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত এবং এটি খুব সহজ একটি কাজ। তবে সাকিব ইস্যুতে সেখানে যেভাবে লোক জড়ো করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক। গণমাধ্যমে অভিযোগকারীদের পরিচয় কেন প্রকাশ্যে আনা হলো না তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন।
তাঁর মতে, সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের কোনো নৈতিক অধিকার নেই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক বিষয় ও সংসদীয় রাজনীতি নিয়েও কথা বলেন আসিফ। তিনি আশা প্রকাশ করেন, দলের নির্বাচিত ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদে জনগণের কথা তুলে ধরবেন এবং রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবেন।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি নিয়মিত গণসংযোগ চালাচ্ছে বলেও জানান তিনি। নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমেই নতুন ধারার রাজনীতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









