ফিলিস্তিনে ইসরায়েলের ভূমি আইনের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড নিজেদের দখলে নিতে ইসরায়েল সম্প্রতি যে ভূমি সংক্রান্ত আইন পাস করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নির্বাহী কমিটির এক উন্মুক্ত বৈঠকে এই নিন্দা জ্ঞাপন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে ইসরায়েলের এই নতুন আইন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি উল্লেখ করেন যে ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত ও জনমিতিক চরিত্র পরিবর্তনের অসৎ উদ্দেশ্যেই এই আইন প্রণয়ন করা হয়েছে যার আওতায় আল কুদস আল শরিফও রয়েছে। পশ্চিম তীরে ভূমি ক্রয় ও নিবন্ধন প্রক্রিয়া ইসরায়েলিদের জন্য উন্মুক্ত করার ফলে প্রকৃত ফিলিস্তিনি মালিকরা এখন নিজ ভূমিতেই উচ্ছেদ ও হয়রানির আতঙ্কে রয়েছেন।
ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন যে এই সংকট নিরসনে ১৯৬৭ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র টেকসই সমাধান। তিনি ইসরায়েলের এই আগ্রাসী আইনের বিরোধিতা করে ফিলিস্তিনিদের ভূমির অধিকার রক্ষার আহ্বান জানান।
পাশাপাশি গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের জন্য অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









