জাতীয়

২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – আগামী ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি উত্থাপন করা হয়।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ দাসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঈদের ছুটি নিয়ে মালিকপক্ষ জেনারেল ডিউটির নামে শ্রমিকদের অধিক হারে শোষণের ফন্দি এঁটেছে। ছুটি নিয়ে এই কারচুপি বন্ধে সরকারি দপ্তরকে দ্রুত তৎপর হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে শেষ মুহূর্তে পূর্ণ বোনাসের বদলে নামমাত্র অর্থ প্রদানের পুরনো কৌশল থেকে মালিকদের বেরিয়ে আসার তাগিদ দেওয়া হয়।

দাবি আদায়ে সমাবেশ থেকে আগামী ৬ মার্চ সকল গার্মেন্টস শিল্প এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেদিন বকেয়া বেতন, পূর্ণ ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language