রাজধানীতে ফলের বাজারে অস্থিরতা, আকাশছোঁয়া তরমুজ ও কলার দাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে রাজধানীর ফলের বাজার এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। রোজার নবম দিনে এসেও ফলের দামে কোনো স্বস্তি মেলেনি, বরং বেশ কিছু ফলের দাম আরও ঊর্ধ্বমুখী।
শুক্রবার রাজধানীর নিউমার্কেট ও আজিমপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে পরিচিত তরমুজ, কলা, মাল্টা, কমলা, আঙুর ও আপেল চড়া দামে বিক্রি হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ইফতার আয়োজনে হিমশিম খাচ্ছে। বিশেষ করে মৌসুমী ফল তরমুজ কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
রোজাকে কেন্দ্র করে স্থায়ী দোকানগুলোর পাশাপাশি বিভিন্ন স্থানে অস্থায়ী ফলের দোকান বসলেও সবখানেই দাম বাড়তি। দেশি ফলের মধ্যে কলার দাম ডজনপ্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে চাঁপা কলা প্রতি ডজন ১০০ টাকা, সবরি কলা ১৬০ থেকে ১৮০ টাকা এবং বাংলা কলা ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেয়ারা আকারভেদে ১০০ থেকে ১৫০ টাকা কেজি এবং আনারস প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
বিদেশি ফলের বাজারও বেশ গরম। মাল্টা বর্তমানে ৩১০ থেকে ৩৪০ টাকা কেজি এবং আপেল ৩৩০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আঙুরের দাম আরও বেশি; সবুজ আঙুর ৪২০ থেকে ৪৫০ টাকা এবং কালো আঙুর প্রায় ৫৫০ টাকা কেজিতে পৌঁছেছে।
খেজুরের বাজারও অস্থির, মানভেদে প্রতি কেজি ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, তরমুজের মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় এবং সরবরাহ সীমিত থাকায় আগাম বাজারে দাম কিছুটা চড়া। তবে মৌসুম পুরোদমে শুরু হলে দাম কিছুটা কমতে পারে।
শুধু ফল নয়, ইফতার সংশ্লিষ্ট সবজির দামও বেড়েছে। লেবুর দাম কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়ে সাধারণ মানের লেবু ৬০ থেকে ৮০ টাকা হালি এবং বড় লেবু ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন কেজিতে ১০০ থেকে ১৪০ টাকা এবং দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নিউমার্কেট কাঁচাবাজারের ফল বিক্রেতা আকরাম হোসেন জানান, সরবরাহ কম থাকায় আগাম তরমুজের দাম কিছুটা বেশি। তবে কয়েক সপ্তাহের মধ্যে দাম স্বাভাবিক হওয়ার আশা আছে।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই পণ্যের দাম বেড়ে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। নিউমার্কেট এলাকার দোকানকর্মচারী রবিউল ইসলাম বলেন, গত বছর ইফতারের জন্য যে টাকায় ২ থেকে ৩ ধরনের ফল কেনা যেত, এবার সেই টাকায় একটি ফল কিনতেই হিমশিম খেতে হচ্ছে।
আজিমপুরের বাসিন্দা নাজনীন রহমান জানান, এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬








