জাতীয়

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ২৭ ফেব্রুয়ারি – বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, এই লক্ষ্য বাস্তবায়নে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার কার্যক্রম তৃণমূল পর্যায় থেকেই শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত আছে। গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে আগের তুলনায় দেশের পরিস্থিতি এখন অনেক ভালো অবস্থানে রয়েছে।

এ সময় পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিজ আসনের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর অব্যাহত সমর্থনে তিনি জনসেবা করার সুযোগ পেয়েছেন এবং এলাকাবাসীর ভালোবাসার কাছে তিনি ঋণী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language