অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

কচুয়া, ২৭ ফেব্রুয়ারি – কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ব্যতিরেকে শিক্ষকরা অন্য কোনো পেশায় সম্পৃক্ত হতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় কাজ করতে চাইলে অবশ্যই কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। অনুমতিবিহীন কেউ অন্য কাজে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এবং গণমাধ্যমে তা প্রচারিত হলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। কেবল অভিযোগ নয়, সত্যতা মিললেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ না দিয়ে কেবল দুর্নীতির উদ্দেশ্যে অবকাঠামো নির্মাণে ব্যস্ত ছিল।
শিক্ষার মানের দিকে তাদের কোনো নজর ছিল না। এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং কর্মকর্তাদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল ও ওসি বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









