দক্ষিণ এশিয়া

পাকিস্তানে বিমান হামলার দাবি তালেবানের, ড্রোন ভূপাতিত করার পাল্টা দাবি ইসলামাবাদের

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালানো হয়েছে বলে আফগানিস্তানের তালেবান দাবি করলেও পাকিস্তান সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

দেশটির দাবি অনুযায়ী তারা ছোট ড্রোন ব্যবহার করে তিনটি শহরে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তারা ইসলামাবাদ এবং নওশেরা ও অ্যাবোটাবাদের সামরিক স্থাপনাগুলোয় সফল বিমান হামলা চালিয়েছে।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে পাকিস্তান তাদের ভূখণ্ডে যে বিমান হামলা চালিয়েছিল তার জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে তালেবানের এই দাবির পরপরই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার এক্সে দেওয়া এক বার্তায় জানান যে আফগান তালেবান অ্যাবোটাবাদ এবং সোয়াবি ও নওশেরা লক্ষ্য করে ছোট ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা চালিয়েছিল যা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো প্রাণহানি ঘটেনি। পাকিস্তানের তথ্যমন্ত্রীর মতে এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে যে আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদের সরাসরি যোগসূত্র রয়েছে।

এদিকে খাইবার পাখতুনখোয়ার সোয়াবি এলাকায় কর্তৃপক্ষ একটি ছোট ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায় ড্রোনটি একটি স্কুলের কাছে বিধ্বস্ত হয় এবং এতে একটি মেয়ে আহত হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন ড্রোনটি আবাসিক এলাকার কাছে পড়লেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং স্কুলটি সম্ভবত হামলার লক্ষ্য ছিল না।

এ ছাড়া পাকিস্তানের ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবিরে বোমা হামলা চালিয়েছে বলেও দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। উভয় পক্ষই একে অপরের ওপর চালানো হামলায় ব্যাপক হতাহতের দাবি করলেও নিরপেক্ষ সূত্র থেকে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language