মানুষ এখন জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনীতি চায়: নুরুল হক নূর

মাদারীপুর, ২৭ ফেব্রুয়ারি – গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দেশের মানুষ আমূল পরিবর্তন প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি উল্লেখ করেন যে নেতৃত্ব এমন হওয়া উচিত যেখানে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার বা খবরদারি করার মানসিকতা থাকবে না।
সাধারণ মানুষ এখন জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনীতি চায়। শুক্রবার দুপুরে মাদারীপুরের মস্তোফাপুর বাসস্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণপ্রতিরোধের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশা পরিষ্কার করে দিয়েছে। জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সামনে স্থানীয় নির্বাচন রয়েছে। তিনি নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় নির্বাচনেও জনগণের দোরগোড়ায় গিয়ে আস্থা অর্জনের আহ্বান জানান। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে তিনি বলেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনের দৃষ্টিতে সবাইকে সমান সেবা দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। ঈদের আগে বয়স্ক ও বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান যাতে গরিব ও অসহায় মানুষ উপকৃত হতে পারে। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার মনিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









