আইন-আদালত

আবুজর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – রাজধানীর গুলশানে জুলাই আন্দোলন চলাকালে আবুজর শেখ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেছে পুলিশ। পুলিশের এন্টি টেররিজম ইউনিট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় এই চার্জশিট জমা দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধ হয়ে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বল প্রয়োগ ও প্ররোচনা দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

তদন্তে তাদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩, ৩২৬, ৩০২, ১১৪, ১০ ও ৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও এন্টি টেররিজম ইউনিটের এসআই ইসরাইল হোসেন এই চার্জশিট দাখিল করেন। শুক্রবার গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগপত্রটির গ্রহণযোগ্যতা বিষয়ে এখনও শুনানি অনুষ্ঠিত হয়নি। চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা গুলি চালায়। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা ছবি খাতুন ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। বর্তমানে বিচারপতি মানিকসহ তিনজন কারাগারে রয়েছেন এবং শেখ হাসিনাসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language