কাজাখস্তানের ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৭, আহত ১৯

কাজাখস্তান, ২৭ ফেব্রুয়ারি – কাজাখস্তানের উত্তরাঞ্চলীয় শহর শুচিনস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ক্যাফের ভেতরে গ্যাস ও বাতাসের বিপজ্জনক মিশ্রণের কারণে এই বিস্ফোরণের সূত্রপাত হয়।
আকমোলা অঞ্চলের বুরাবে জেলায় একটি আবাসিক ভবনের সঙ্গে সংযুক্ত ওই একতলা ক্যাফেটিতে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। আঞ্চলিক জরুরি সেবা বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ড বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে,
নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং দুজন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।
আহতদের মধ্যে ১৩ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬








