আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, শুরু হলো ‘অপারেশন গজব-লিল হক’

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি – পাক-আফগান সীমান্তে ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিতে হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামের এই ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এখন কেবল যুদ্ধই হবে।
তিনি আরও উল্লেখ করেন যে পাকিস্তান সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি এবং তারা তাদের প্রতিবেশীর মতিগতি খুব ভালোভাবে জানে। খাজা আসিফের এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আফগান সামরিক স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলা শুরু করে পাকিস্তান বিমান বাহিনী।
শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান রাত ৩টা ৪৫ মিনিট থেকে এই অপারেশন শুরু হয়েছে। অভিযানে পাকিস্তান বিমান বাহিনী এবং স্থলবাহিনী যৌথভাবে অংশ নিচ্ছে।
মোশাররফ জাইদি দাবি করেছেন যে কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে সাতাশটি সেনাচৌকি ধ্বংস এবং নয়টি চৌকি দখল করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এছাড়া বিমান বাহিনীর বোমাবর্ষণে আফগান সেনাবাহিনীর দুটি সদর দপ্তর, তিনটি ব্রিজ হেডকোয়ার্টার, দুটি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি এবং আশিটিরও বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ার সীমান্তে আফগান সেনারা নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে অতর্কিত হামলা চালালে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন। এই ঘটনার প্রতিশোধ হিসেবেই পাকিস্তান পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করেছে।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









