জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে ১২ বস্তা মালামালসহ ভ্যানচালক আটক

জয়পুরহাট, ২৭ ফেব্রুয়ারি – জয়পুরহাটের কালাই পৌরশহরের ডিলার পয়েন্ট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মোসলেমগঞ্জ বাজারে পাচারের সময় ১২ বস্তা টিসিবির পণ্যসহ এক ভ্যানচালককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ইফতারের সময় পণ্যবাহী ভ্যানটি আটক করা হয়। এ ঘটনায় আটক ভ্যানচালকের নাম রতন মিয়া (৪৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তর পাড়া গ্রামের বদের উদ্দিনের ছেলে।
স্থানীয় উদয়পুর ইউনিয়নের সদস্য লাল মিয়া জানান, ডিলার পয়েন্ট থেকে পণ্যগুলো সরিয়ে নেয়ার সময় উত্তেজিত জনতা ভ্যানটিকে আটক করে তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। আটক ভ্যানচালক রতন মিয়া স্বীকার করেছেন যে, কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে ১২ বস্তা পণ্য নিয়ে তিনি কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের ঘরে যাচ্ছিলেন। পণ্যগুলোর ক্রেতা হিসেবে অভিযুক্ত বেলাল ভ্যানের সঙ্গেই ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার দীর্ঘদিন ধরে কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকায় টিসিবির পণ্য বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার পণ্য বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, ছোলা, তেলসহ যাবতীয় পণ্য ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে পাচারের উদ্দেশ্যে মোসলেমগঞ্জ বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটকের খবর পেয়ে ডিলার ঘটনাস্থলে এসে পণ্যগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে জনতার সঙ্গে তার ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযুক্ত টিসিবি ডিলার আব্দুল মতিন সরকার এ বিষয়ে বলেন, পণ্যগুলো আমার। এগুলো কোথায় যাবে তা বলার প্রয়োজন মনে করছি না। মালামাল আটক করে কী করতে পারে তা দেখা যাবে।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু জনতা টিসিবির পণ্য হাতেনাতে আটক করেছে, তাই ডিলারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করবেন।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬








