শুক্রবার ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শুক্রবার বায়ুদূষণের তালিকায় বিশ্বের সব শহরের মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।
সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে। তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণ স্কোর ২৯৮, যা নির্দেশ করে যে এখানকার বাতাস বর্তমানে খুবই অস্বাস্থ্যকর। একই সময়ে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির দূষণ স্কোর ২১১।
এছাড়া দিল্লি ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে, যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।
সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









