করণিক ভুলের কারণেই গণভোটে প্রায় ১১ লাখ ভোট কমেছে: ইসি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – করণিক ভুল তো হতেই পারে, কারণ কাজগুলো হাতে করা হয়— গণভোটে ভোট কমে যাওয়ার বিষয় নিয়ে এমনটাই বলেছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাই সনদ বাস্তবায়নের জন্য হওয়া গণভোটের ফল প্রকাশের ১২ দিন পর ইসি গেজেট সংশোধন করেছে। একই সঙ্গে প্রায় ১১ লাখ ভোট কমে যাওয়ার কারণও তারা ব্যাখ্যা করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে কথা বলেন। আগে প্রকাশিত ফল কেন সংশোধন করতে হলো এবং প্রায় ১১ লাখ ভোট কীভাবে কমে গেল— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন করণিক ভুল ছিল, ‘ট্রান্সপোজিশন এরর’ ছিল। সে কারণেই ভুল হয়েছে। করণিক ভুল হতেই পারে, কারণ কাজগুলো হাতে করা হয়। যেসব সংখ্যা এদিক-ওদিক হয়ে গিয়েছিল, সেগুলো পরে মাঠ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঠিক করে সংশোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, এখানে মূল বিষয় ছিল ‘হ্যাঁ’ আর ‘না’। ‘হ্যাঁ’ ভোটই বেশি রয়েছে, এতে কোনো পরিবর্তন হয়নি।
প্রথম গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। দুই ধরনের ভোট মিলিয়ে মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩।
এর মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬।
সংশোধিত গেজেট অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ভোট হয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট হয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। দুই ভোট মিলিয়ে মোট প্রদত্ত ভোট দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ ভোট।
বাতিল ভোট বাদ দিলে মোট বৈধ ভোট হয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
আগের হিসাবে তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি। ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। বাতিল ভোট আগের চেয়ে বেড়েছে ১২ হাজার ৫৫৯টি। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









