ফেনীতে ১ লাখ টাকা ঘুষ নেয়ার সময় পিআইওসহ দুজন আটক

ফেনী, ২৭ ফেব্রুয়ারি – ফেনীর সোনাগাজী উপজেলায় ঘুষের ১ লাখ টাকাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং এক কার্যসহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের।
দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে বিল দাখিল করেছিলেন উপঠিকাদার হুমায়ুন কবির। সেই বিলের অর্থ ছাড়ের বিনিময়ে তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়। একপর্যায়ে উপঠিকাদার দুদকের ফাঁদ অভিযানের অংশ হিসেবে ১ লাখ টাকা ঘুষ দিতে সম্মত হন।
বৃহস্পতিবার দুপুরে ওই টাকা নিয়ে পিআইও কার্যালয়ে গেলে কার্যসহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাঈদ তা গ্রহণ করেন। ঠিক তখনই দুদকের একটি দল তাদের হাতেনাতে আটক করে এবং ঘুষের টাকা জব্দ করে।
ভুক্তভোগী ঠিকাদার হুমায়ুন কবির রানা জানান, পিআইও তার কাছ থেকে আগেও বিভিন্ন সময়ে সাড়ে ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এবার ১২ লাখ টাকা দাবি করায় তিনি ১ লাখ টাকা দিতে রাজি হয়ে দুদককে জানান।
দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানান, গত ২৩ ফেব্রুয়ারি ভুক্তভোগী উপঠিকাদার লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই ফাঁদ পাতা হয়। আটককৃতদের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা করেছেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা জানিয়েছেন, ঘটনার সময় তিনি ছুটিতে থাকার কারণে কার্যালয়ে ছিলেন না, তবে বিষয়টি পরে অবগত হয়েছেন।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









