জাতীয়

মাঝরাতে মোহাম্মদপুরে নতুন আইজিপি, কঠোর হাতে অপরাধ দমনের ঘোষণা

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – দায়িত্ব গ্রহণের মাত্র দুই দিনের মাথায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে মাঝরাতে রাস্তায় নামলেন পুলিশের নতুন মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মোহাম্মদপুর এলাকা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজেই মাঠে নেমেছেন এবং অপরাধী যে ই হোক তাকে কঠোর হস্তে দমন করা হবে।

আইজিপি উল্লেখ করেন যে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণেই তিনি রাস্তায় নেমেছেন। সন্ধ্যার পর থেকে বিশেষ ব্লক রেইড পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে পুলিশ প্রধান জানান, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় জীবনে তিনি নিজেও আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। তার মতে দীর্ঘ দিন ধরেই মোহাম্মদপুর একটি অপরাধপ্রবণ এলাকা যেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অবৈধ ব্যবসার বিস্তার রয়েছে।

রাজধানীর যানজট ও দখলদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত ও সড়ক বেদখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশের অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ বাহিনীর সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশে প্রায় ২০ কোটি মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মাত্র ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য। নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি এবং ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর কাজ চলছে বলে উল্লেখ করেন।

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজে রাতে টহলে থাকার ঘোষণা দেন। তিনি মনে করেন আইজিপি মাঠে থাকলে অধস্তন সহকর্মীরাও কাজে আরও সক্রিয় থাকবেন।

পুলিশকে প্রকৃত জনসেবক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই শক্তি প্রয়োগ করতে হবে এবং বাহিনীর মানসিকতার পরিবর্তন জরুরি। পরিদর্শনকালে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language