দক্ষিণ এশিয়া

সন্ত্রাসবাদ দমনে ভারত ও ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে: নরেন্দ্র মোদি

ভারত, ২৬ ফেব্রুয়ারি – সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ইসরায়েল ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। ইসরায়েলে দুই দিনের সফর শেষে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বার্তা দেন। ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ইসরায়েলে মোদির দ্বিতীয় সফর যা নিজ দেশে কিছুটা সমালোচনার মুখেও পড়েছিল। জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মোদি স্পষ্ট করেন যে বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং এই ইস্যুতে উভয় দেশ একমত।

তিনি জানান ভবিষ্যতে সর্বদা এই অপশক্তির বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন এবং মানবতা যাতে সংঘাতের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এর আগে ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে মোদি প্রযুক্তি, জ্বালানি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার রূপরেখা তুলে ধরেন। যৌথ উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সফরে দুই নেতা মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইসরায়েলে ভারতের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালুসহ একাধিক বিষয়ে আলোচনা করেন। নেতানিয়াহু মোদিকে ‘বন্ধুর চেয়েও আপন’ হিসেবে অভিহিত করে বলেন যারা উদ্ভাবন করে ভবিষ্যৎ তাদেরই এবং এক্ষেত্রে দুই দেশই দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য এই সফরে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে এক ডজনেরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language