উত্তাল সাগরে নৌবাহিনীর সদস্যদের ইফতার ও নামাজের ছবি ভাইরাল

বঙ্গোপসাগর, ২৬ ফেব্রুয়ারি – বঙ্গোপসাগরের গভীর নীল জলরাশিতে ভাসমান জাহাজে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের ইফতার ও নামাজ আদায়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। দেশপ্রেমিক নৌসদস্যদের এই ধর্মীয় নিষ্ঠা ও দায়িত্ববোধের দৃশ্য নেটিজেনদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫২ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ছবিগুলো প্রকাশ করা হয়।
পোস্টকৃত ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মাতৃভূমির সুবিশাল জলরাশির নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সোচ্চার। প্রকৃতি যতই উত্তাল হোক, কিংবা প্রলয়ংকরী ঝড় আসুক, অথবা আত্মশুদ্ধির পবিত্র রমজান মাস হোক; নৌবাহিনীর সদস্যরা দেশের তরে সর্বদা প্রস্তুত।’ সেখানে আরও উল্লেখ করা হয়, নীল জলরাশির বুকে এটি নৌবাহিনীর সদস্যদের এক অনন্য ও ব্যতিক্রমী ইফতার আয়োজন। ছবিগুলোতে দেখা যায়, জাহাজের ডেকে সুশৃঙ্খলভাবে বসে ইফতার করছেন এবং জামাতে নামাজ আদায় করছেন নৌসদস্যরা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত এই বাহিনীর সদস্যদের এমন দৃশ্যে সাধারণ মানুষ আবেগপ্লুত হয়ে তাদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









