জাতীয়

মোহাম্মদপুরে অপরাধ দমনে সোয়াট ও ডগ স্কোয়াডের বিশেষ অভিযান

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান শুরু করা হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরের বিভিন্ন আলোচিত রেড স্পটগুলোতে এই অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের গ্রেপ্তারে এই মুহূর্তে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চলছে।

পুলিশ জানায়, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা, পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা এবং আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া। এর আগে বুধবার রাত থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১০০ জন বিভিন্ন স্তরের অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language