ব্যবসা

এলপিজি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত মূল্যে ফেরার আশা বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝে ১২ কেজি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত পর্যায়ে ফিরে আসার আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোক্তারা যাতে সরকার নির্ধারিত ১ হাজার ৩৫৬ টাকা দরেই এলপিজি পান, তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বাজারে অস্থিতিশীলতা দূর করতে এবং খুচরা পর্যায়ে কারসাজি রোধে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি জোরদার করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সম্প্রতি এলপিজির বাজারদর ও সরবরাহ নিয়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে এই সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে এলপিজির সরবরাহ ঘাটতি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির সংবাদ এসেছে। আগামী দিনে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খুচরা পর্যায়ে যাতে অসহনীয় পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যেই আমদানিকারক, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। ব্যবসায়ীরা তাদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছেন এবং সরকার সেগুলো সমাধানের চেষ্টা করবে যাতে ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন থাকে।

এলপিজির দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত বর্তমানে নেই জানিয়ে মন্ত্রী বলেন, আমদানিকারকরা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রাইস রিভিউর কথা বলেছেন। বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। ৫ আগস্টের পর অনেক অপারেটর নিষ্ক্রিয় হয়ে পড়া এবং স্পট মার্কেট থেকে কেনাকাটার কারণে বাজারের অস্থিরতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এছাড়া বিপিসি আমদানি করতে চাইলে বেসরকারি খাতের আমদানিকারকরা তাদের স্টোরেজ সুবিধা ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language