রসনা বিলাস

সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার সহজ রেসিপি

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – সাহরির সময়টাতে সাধারণত একটু হালকা ধরনের খাবার খেতেই বেশি ভালো লাগে। তবে সারাদিনের শক্তির জোগান দিতে পাতে প্রোটিন থাকাটাও জরুরি। তাই গরম ভাতের সঙ্গে একটি স্বাস্থ্যকর পদ হতে পারে পেঁপে দিয়ে গরুর মাংস। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি কাঁচা পেঁপে থাকায় মাংস হজম করাও বেশ সহজ হয়। খুব সাধারণ পদ্ধতিতেই তৈরি করা যায় এই পদটি।

উপকরণ হিসেবে প্রয়োজন হবে ১ কেজি গরুর মাংস, আধা কেজি কাঁচা পেঁপে, ২ চা চামচ আদা ও রসুন বাটা এবং ১ কাপ পেঁয়াজ কুচি। এছাড়া মসলার মধ্যে লাগবে ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ৩ থেকে ৪টি গরম মসলা এবং পরিমাণমতো তেল ও লবণ। প্রস্তুত প্রণালিতে প্রথমেই মাংস ভালো করে ধুয়ে সব মসলা ও তেল দিয়ে মেখে চুলায় বসিয়ে দিতে হবে।

মাংস ভালোভাবে কষানো হলে এতে পরিমাণমতো পানি দিয়ে পেঁপের টুকরাগুলো দিয়ে দিন। এরপর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সেদ্ধ হতে দিন। মাঝেমাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। মাংস ও পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে এবং ওপরে তেল ভেসে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language